সিভি বিক্রির দাবি নাকচ করে সাইবার সুরক্ষার আশ্বাস দিল বিডিজবস
- ডার্ক ওয়েবে ৬০ লাখ সিভি বিক্রি নিয়ে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- প্ল্যাটফর্মে উন্নত ডেটা নিরাপত্তা ও চাকরিপ্রার্থীদের প্রোফাইলে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু
- তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রির প্রমাণ পেলে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
চাকরি খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবস থেকে ডার্ক ওয়েবে ৬০ লাখ সিভি বিক্রি হওয়া সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের দাবিকে বিভ্রান্তিকর ও অপতথ্য বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মটির ডেটাবেজ ও ওয়েব নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট, সোমাবর ফেসবুকে প্রকাশিত এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় বিডিজবস জানায়, সূচনালগ্ন থেকেই তারা ব্যবহারকারীদের ডেটা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাকরিপ্রার্থীদের প্রোফাইল অ্যাক্সেসের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ও অথেন্টিকেশন ব্যবস্থা বহাল রয়েছে।
বিডিজবস জানায়, প্ল্যাটফর্মে নিবন্ধিত লক্ষাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব যাচাইকৃত অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র অভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে চাকরিপ্রার্থীদের প্রোফাইল দেখার সুযোগ পায়। এসব তথ্যের অননুমোদিত ব্যবহার বা বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করলে এবং সে সংক্রান্ত প্রমাণ অভিযোগের মাধ্যমে নজরে এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে তারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, প্রযুক্তিগতভাবে যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর পোস্ট বা অপতথ্য শেয়ার করা থেকে ব্যবহারকারীদের বিরত থাকতে হবে। যেকোনো তথ্যের সত্যতা নিশ্চিত করতে সামাজিক মাধ্যমের দাবির ওপর নির্ভর না করে বিডিজবসের অফিসিয়াল নিরাপত্তা বিবৃতি ও মূল সূত্র থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

